Published : 20 Apr 2026, 01:44 PM
টিকাদানের মাধ্যমেই কেবলমাত্র হামকে প্রতিরোধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
তবে অন্তর্বর্তী সরকারের আমলে ভুল নীতির কারণে এই টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
এম এ মুহিত বলেন, “এর আগে ২০২০ সালের পর ২০২৫ সালে আরেকটি জরুরি টিকাদান হওয়া উচিত ছিল, যা সে সময় হয়নি। তার আগের ১৫ বছরে স্বাস্থ্য ব্যবস্থায় যে অব্যবস্থাপনা তৈরি হয়েছিল সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছিল।
“ফলে দেখা গেল মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরাও কাজ করার সুযোগ পায়নি এবং আনেকের বেতন-ভাতা নিয়েও সমস্যা হচ্ছে।”
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরই ১৫ দিনের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। আমরা সঙ্গে সঙ্গে এটির চিকিৎসা ও প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করি।
“এরই ধারাবাহিকতায় প্রথমে উচ্চ ঝুকিপূর্ণ, দ্বিতীয় ধাপে পাঁচটি মহানগরীতে টিকাদান শেষে আজ থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হল।”
এই কর্মসূচিতে ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকা দেওয়া হবে বলে জানান তিনি।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ড. মো. নুরুল আমিন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।