Published : 16 Feb 2025, 08:34 PM
নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চেয়ে নগদ টাকা ও বস্ত্র বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
শুক্রবারের ঘটনাটি নজরে এলে শনিবার আনারস প্রতীকের প্রার্থী আব্দুল বাকিরকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং মোহাম্মদ রবিউল আলম।
শুক্রবার বিকালে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মোমেন মোল্লা ভোটারদের মাঝে নগদ টাকাসহ লুঙ্গি বিতরণ করছেন। এ সময় তিনি নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরকে আনারস প্রতীকে ভোট দিতে বলেন।
টাকা ও লুঙ্গি বিতরণের এক পর্যায়ে মোমেন মোল্লা বলতে থাকেন, “মার্কাডা মনে আছেতো? আনারস।”
নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, “ভিডিওটি দেখে সঙ্গে সঙ্গে ওই প্রার্থীকে চিঠি দিয়ে শোকজ করেছি। এ বিষয়ে প্রার্থীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ ছাড়া আচরণবিধি নিয়ে নির্বাহী হাকিম কাজ করছেন।”
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মোমেন মোল্লা মোবাইল ফোনে বলেন, “আমরা সবসময় এমন দানখয়রাত করে থাকি। এসব ছবি ও ভিডিও কিছু দুষ্টু ছেলে সামাজিক মাধ্যমে ভাইরাল করে ষড়যন্ত্র করছে।”
চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকির বলেন, “শোকজের একটি চিঠি পেয়েছি। তবে আমি এ বিষয়ে কিছু জানি না। কেউ যদি আমার নাম ভাঙ্গিয়ে এসব অপপ্রচার করে কি করার আছে? ওখানে আমার বাসা বাড়িও নেই, নির্বাচনি ক্যাম্পও নেই।”