১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় বসে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগ, যুবক কারাগারে

তার বিরুদ্ধে জুয়া পরিচালনা ছাড়াও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি সংরক্ষণ ও সরবরাহ এবং বিজ্ঞাপন প্রচারের অভিযোগ রয়েছে।

গাইবান্ধায় বসে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগ, যুবক কারাগারে
আব্দুর রাজ্জাক।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 05:11 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে; যিনি অনলাইন জুয়া পরিচালনার সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। 

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক।

এর আগে রোববার রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (৩৫) ওই গ্রামের মো. নূরুন্নবী মিয়ার ছেলে। তার বিরুদ্ধে অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনা, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি সংরক্ষণ ও সরবরাহ এবং বিজ্ঞাপন প্রচারের অভিযোগ রয়েছে।

ওসি মোজাম্মেল হক বলেন, রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা করেন স্বজনরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসা হয়।

তিনি বলেন, রাজ্জাকের মোবাইল ফোনে অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনা অ্যাপের আলামত পাওয়া গেছে। পরে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়।