১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে মা ও দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার

স্থানীয়দের কাছে খবর পেয়ে তিনজনের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 04:04 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক নারী ও তার দুই সন্তানের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের টিএন্ডটি রোডের একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে ভালুকা মডেল থানার ওসি হুমায়ূন কবির জানান। 

নিহতরা হলেন- ওই এলাকার ময়না আক্তার (৩২) তার মেয়ে রহিমা আক্তার (৭) ও দুই বছরের ছেলে নিরব হোসেন। 

পুলিশ ও স্থানীয়রা বলছেন, ময়নার স্বামী রফিকুল ইসলাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা। তিনি ভালুকা পৌর শহরের টিএন্ডটি রোডের ওই বাসায় পরিবার নিয়ে ভাড়া থেকে ‘রাসেল স্পিনিং মিল’ নামের স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। 

সকালে রফিকুল কর্মস্থল থেকে বাসায় গিয়ে ঘরের দরজায় তালা দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে ঢোকেন। পরে ঘরের ভেতরে স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। 

ওসি বলেন, “স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তিনজনের গলা কাটা লাশ উদ্ধার তা ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।” 

তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি এ পুলিশ কর্মকর্তা।