সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
মাদকের ভয়াবহতা মানুষের সামনে তুলে ধরে সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকবিরোধী সচেতনতামূলক সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেছেন, “সবাইকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে গড়ে তুলতে চাই, এটা ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়। শুধুমাত্র আইন করে, শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়।
“যত সরকারি কর্মকর্তা আছেন, রাজনীতিবিদরা আছেন, সাংবাদিকরা আছেন সবাইকে নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে ঠাকুরগাঁওয়ে যে পদক্ষেপ নিতে যাচ্ছি, সেগুলোর ফলে আমরা কিছুটা ইতিবাচক ফল লাভ করব।”
মন্ত্রী বলেন, “আমরা চাই এ ব্যাপারে সবাই ইতিবাচক ভূমিকা পালন করবেন। মূল কাজ হচ্ছে প্রচার করা-মাদক খারাপ জিনিস, এভাবে মানুষের সামনে মাদকের ভয়াবহতা তুলে ধরতে হবে।”
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
