বাইক দুর্ঘটনা: নোয়াখালীতে ভগ্নিপতিকে আনতে গিয়ে প্রাণ যায় ২ ভাইয়ের
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ভগ্নিপতিকে আনতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রোববার সকালে জানাজা শেষে তাদের দাফন করা হয় বলে সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জনিয়েছেন।
এর আগে সেনবাগ-সোনাইমুড়ী সড়কের কেশারপাড় এলাকায় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সেনবাগের ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির মো. আলাউদ্দিনের দুই ছেলে আরিফ হোসেন (২৫) ও আশিক হোসেন (২২)।
আহত ২৫ বছর বয়সী মো. শাওন একই বাড়ির মো. শাহজাহানের ছেলে। তিনি সম্পর্কে নিহতদের চাচাত ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, আরিফ, আশিক ও শাওন তাদের ভগ্নিপতিকে আনতে একটি মোটরসাইকেলে করে ছাতারপাইয়া রাস্তার মাথার দিকে যাচ্ছিলেন। পথে কেশারপাড় রাস্তার মাথা এলাকায় সড়ক সংস্কারকাজ চলায় তারা মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে ডান পাশ দিয়ে অতিক্রম করার চেষ্টা করে।
এ সময় একই দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গর্তে উল্টে পড়ে যায়। অন্যদিকে অটোরিকশাটি সড়কের পাশের একটি খালে পড়ে।
এ সময় সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলের তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি হাসপাতালে নিলে চিকিৎসক আরিফ ও আশিককে মৃত ঘোষণা করেন।
আর গুরুতর অবস্থায় শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতদের চাচা মো. মিজান বলেন, “আমার ভাই আলাউদ্দিন পেশায় অটোরিকশা চালক। তার দুই ছেলে আরিফ ও আশিকও অটোরিকশা চালাত।”
সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াস বলেন, আরিফ ও আশিক শ্রমিক দল করতেন। তাদের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
