১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে মা আটক

শিশুটির বাবা বলেন, ফজরের আজানের সময় শিশু তোহা ঘুম থেকে উঠলে তিনি তার স্ত্রীকে উঠে নামাজ পড়তে বলে মসজিদে চলে যান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 03:43 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

সিলেটে এক বছর আট মাস বয়সী মেয়েকে গলা কেটে হত্যার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন।

শুক্রবারে ভোরে সিলেট সদর উপজেলার কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে বলে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন। 

নিহত শিশু মাইমুনা জান্নাত তোহা পুরাতন কালারুকা গ্রামের আমীর আলীর মেয়ে। শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। 

স্থানীয়দের বরাতে জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব বলেন, "ভোর ৫টার দিকে আমীর আলী মসজিদে নামাজে ছিলেন। এই সময় মা বটি দা দিয়ে গলা কেটে শিশুটিকে হত্যা করেন।"

শিশুটির বাবা আমীর আলী বলেন, ফজরের আজানের সময় শিশু তোহা ঘুম থেকে উঠলে তিনি তার স্ত্রীকে উঠে নামাজ পড়তে বলে মসজিদে চলে যান। নামাজ শেষে তার ছোট ছেলে গিয়ে বাবাকে বোনের গলা কেটে ফেলার খবরটি জানায়। তিনি আসার আগেই তাদের বড় ছেলে চিৎকারে প্রতিবেশীরা জড়ো হন। 

পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল বলেন, “খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। স্থানীয় জনগণের হাতে আটক সুবিনাকে থানায় নিয়ে আসে পুলিশ।" 

তিনি আরও বলেন, " প্রাথমিকভাবে জানা গেছে সুবিনা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা নিচ্ছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি। 

“তিনি স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন জানা যাবে এ ঘটনার সাথে অন্য কোনো বিষয় আছে কি না।”

এ ঘটনায় আটক সুবিনার বিরুদ্ধে তোহার বাবা বাদী হয়ে মামলা করলে তা হত্যা মামলা হিসেবে গ্রহণ করবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।