Published : 04 Sep 2025, 09:16 PM
নওগাঁর রাণীনগর উপজেলার পাঁচ কিলোমিটার সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সড়কের মিরাট সইরিতলায় এই কর্মসূচিতে স্কুল, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
ভুক্তভোগীরা বলেন, উপজেলার জামালগঞ্জ থেকে মিরাট হয়ে নওগাঁ সদর উপজেলার শৈলগাছী মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই পথ দিয়ে প্রতিদিন শতশত যানবাহন, যাত্রী, পথচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করে আসছেন। বর্ষা মৌসুমে এ পথ দিয়ে চলাচল করা আরও কষ্টকর হয়ে উঠেছে।
রাণীনগন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার বলেন, “এলজিইডি এই সড়কটি ১৭ বছর ধরে কোনো সংস্কার না করায় এর ইট উঠে গিয়ে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।
“বর্তমানে সড়কটি যাতায়াতে অনুপোযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে এ পথ দিয়ে চলাচলকারী স্কুল-কলেজের শিক্ষার্থী, রিকশা-ভ্যানের চালক, মোটরসাইকেল আরোহী ও ট্রাকসহ অন্য যানবাহন প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে।”
স্থানীয় মিরাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন প্রামানিক বলেন, দূরত্ব কম হওয়ায় এই সড়ক দিয়ে প্রতিদিন নওগাঁ থেকে রাজশাহী, বাগমারা, নাটোর, বান্দাইখারা, রাণীনগর, আত্রাই উপজেলার মানুষ বিভিন্ন হাটবাজারে চলাচল করেন।
মিরাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা সামিয়া ফেরদৌস বলেন, “এলজিইডি অফিসে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। স্থানীয়দের অনুরোধে সম্প্রতি বিএনপি নেতা রাসেল সরকারের আর্থিক সহায়তা ও রিকশা-ভ্যান চালকদের স্বেচ্ছাশ্রমে ভক্তের মোড় থেকে মিরাট সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক সংস্কার করে যাতায়াত উপযোগী করা হয়েছে।
“আরও চার কিলোমিটার সড়কে ছোট-বড় অসংখ্য খানাখন্দ ও কাঁদা-পানির কারণে পথচারী ও গাড়ি চালকদের সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজন।”
অবিলম্বে সড়কটি সংস্কার ও পাকা করণের দাবি জানান মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন।