Published : 25 Nov 2025, 12:17 AM
জামালপুরের তারাকান্দিতে যমুনা সার কারখানায় দীর্ঘ ২২ মাস পর গ্যাসের সংযোগ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
গত বছর ১৫ জানুয়ারি এই কারখানায় গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ থাকে।
সোমবার রাতে যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেছেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় ২২ মাস পর গ্যাসের সংযোগ দিয়েছে।

তিনি বলেন, গ্যাস না থাকায় এতদিন ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। কারখানা সচল করে পুনরায় ইউরিয়া সার উৎপাদনে যেতে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।
প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদন করা হয় যমুনা সার কারখানায়।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত হলেও যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু ১৯৯১ সালে।
যমুনায় উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কারখানার ‘কমান্ড এরিয়ার’ ১৯ জেলায় সরবরাহ করা হয়ে থাকে।