Published : 29 Jun 2026, 08:24 PM
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পঞ্চগড়ে যুব মহিলা লীগের দুই নেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
তারা হলেন- যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমী এবং জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন।
কাজী মৌসুমীর স্বামী পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা।
সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহাবুব আলী মুয়াদ এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মির্জা নাজমুল ইসলাম কাজল জানান।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২৫ সালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার বাসভবনে কেক কাটার আয়োজন করেন কাজী মৌসুমী। এ ঘটনায় ওই বছরের ২১ জুলাই সদর থানার এসআই মানিক মিয়া সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর অধীনে ৪৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
কাজী মৌসুমী ও নিলুফার ইয়াসমীন উচ্চ আদালত জামিন নিয়েছিলেন। সোমবার নিম্ন আদালতে তাদের মামলার শুনানি ছিল। তারা জামিন আবেদন করেন। বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিপক্ষে শুনানি করেন মির্জা সারওয়ার হোসেন, এ হাসান প্রধান।