Published : 10 Sep 2026, 07:06 PM
বরগুনার পাথরঘাটায় জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ‘রাজা ইলিশ’।
বৃহস্পতিবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে আয়োজিত উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয় বলে জানিয়েছেন ঘাটের ব্যবসায়ীরা।
বুধবার রাতে পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে টেংরা এলাকার জেলে আলতাফ হোসেন মাঝির জালে এই ইলিশটি ধরা পড়ে।
বিএফডিসি ঘাটের পাইকারি বিক্রেতা ইমরান হোসেন রিফাত বলেন, সকালে মাছটি ঘাটে আনা হলে দরদাম শুরু করেন ব্যবসায়ীরা। এক পর্যায়ে মেসার্স নিউ আল আমিন ফিশের প্রতিনিধি পলাশ প্রতি মণ ২ লাখ ৩৬ হাজার টাকা দর ধরে মোট ১৫ হাজার ৯৩০ টাকায় মাছটি কিনে নেন।
জেলে আলতাফ হোসেন মাঝি বলেন, “চলতি মৌসুমে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে আমরা হতাশ ছিলাম। হঠাৎ এমন বড় ইলিশ জালে ওঠায় খুব ভালো লাগছে।”
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সাধারণত এত বড় আকারের ইলিশ সচরাচর দেখা যায় না। গভীর সমুদ্রের পাশাপাশি নদীর মোহনায় এমন মাছ পাওয়া জেলেদের জন্য সুসংবাদ।