১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিকের লাশ: কয়েকটি চিরকুট উদ্ধার

সন্ধ্যায় সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Sep 2026, 03:45 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধারের পর সেখান থেকে কয়েকটি চিরকুট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর প্যারারা রোডের ওই ভবনের দ্বিতীয় তলার কার্যালয় থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

পরে রাতে বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম সাংবাদিকদের বলেন, “ঘটনাস্থল থেকে কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়েছে। আমরা সেগুলো পর্যবেক্ষণ করে দেখছি।” 

তারপরে সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি। 

৫৭ বছর বয়সি পুলক চ্যাটার্জি একসময় সমকালের ব্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালের দিকে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে পরিবার জানিয়েছে। তারপর থেকে তিনি বেকার ছিলেন। পুলক চ্যাটার্জি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তিনি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্য ও বরিশালের সাংবাদিকরা সেখানে ছুটে আসেন।  

পুলক চ্যাটার্জির ছোট ভাই ভূমি কর্মকর্তা দীপক কুমার চ্যাটার্জিও চিরকুটগুলো দেখেছেন। পরে রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিরকুটের হাতের লেখা তার ভাই পুলক চ্যাটার্জির। 

এর মধ্যে ‘সুইসাইড নোট’ শিরোনামে যে চিরকুটটি পাওয়া গেছে, সেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। তিনি তার শারীরিক অসুস্থতা ও ভারতে গিয়ে চিকিৎসার কথা বলেছেন। 

একটি চিরকুট লিখেছেন জাকির নামে একজনকে। সেখানে তিনি প্রশাসনিক হয়রানি ছাড়া লাশ পরিবারকে হস্তান্তর ও ময়নাতদন্ত না করার কথা বলেছেন। 

স্থানীয় সাংবাদিকরা বলেন, এস এম জাকির হোসেন বর্তমানে বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি স্থানীয় ‘দৈনিক মতবাদ’ পত্রিকার সম্পাদক। তার সঙ্গে পুলক চ্যাটার্জির খুব ঘনিষ্ঠতা ছিল।  

একটি চিরকুটে তিনি মেয়েকে পড়াশোনা ও গান শেখা চালিয়ে যেতে বলেছেন। 

একটি চিরকুট পাওয়া গেছে সাবেক সহকর্মী ও সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরীর উদ্দেশে লেখা। সেখানে তিনি তার দেড় দশকের সহকর্মীর কাছে সমকাল অফিসে তার পাওনা টাকা আদায় করে পরিবারকে দেওয়ার কথা বলেছেন।  

এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিক সুমন চৌধুরী বলেন, “সমকালের কাছে পুলক চ্যাটার্জির কত টাকা বকেয়া আছে তা আমি জানি না।”

প্রত্যেক চিরকুটের নিচে পুলক চৌধুরীর স্বাক্ষর ও তারিখ রয়েছে।

আরও পড়ুন:বরিশালে সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত লাশ