২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মিয়ানমারে ‘পাচারকালে’ দুই কিশোর উদ্ধার, আটক ১

আটক ব্যক্তি উখিয়ার এক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

মিয়ানমারে ‘পাচারকালে’ দুই কিশোর উদ্ধার, আটক ১
আটক রাসেদ

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 08:32 AM

Updated : 26 Aug 2026, 02:15 PM

মিয়ানমারে পাচারকালে কক্সবাজারের টেকনাফ থেকে দুই বাংলাদেশি কিশোরকে উদ্ধার ও পাচার চক্রের এক সদস্যকে আটক করার কথা জানিয়েছে বিজিবি।

সোমবার সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটক ১৮ বছর বয়সী রাসেদ উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৩ ব্লকের বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে।

উদ্ধার হওয়া দুই কিশোর হলেন- মাহিম (১৫) ও সোহেল (১৬)। মাহিম কক্সবাজার শহরের লালদীঘি পাড় এলাকার আইয়ুব খানের ছেলে এবং সোহেল একই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সম্প্রতি টেকনাফ সীমান্তে সংঘবদ্ধ এক মানব পাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। সোমবার সন্ধ্যায় কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত দিয়ে মানবপাচার হওয়ার তথ্য পায় বিজিবি। পরে বিজিবি সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালায়।

“বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা চালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাংলাদেশি দুই কিশোরকে উদ্ধার করা হয়েছে।”

আটক ব্যক্তি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য জানিয়ে টেকনাফ ব্যাটালিয়ান অধিনায়ক আশিক বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা এবং উদ্ধার হওয়াদের স্বজনদের কাছে হস্তান্তরের জন্য রাতে তাদের টেকনাফ থানায় পৌঁছানো হয়েছে।”