১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে মাদকবিরোধী বিক্ষোভ থেকে ‘কারবারির’ বাড়িতে হামলা-ভাঙচুর

মাদকের সঙ্গে জড়িত পরিবারগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 09:29 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

ফরিদপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিক্ষোভ থেকে বেশ কয়েকজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে; যাদেরকে মাদক কারবারি বলছেন এলাকাবাসী। 

শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার সিএন্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে স্থানীয়রা সিএন্ডবি ঘাট বেরিবাঁধ এলাকার লিও পেট্রোল পাম্পের সামনে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে কয়েকশ মানুষ মাদকবিরোধী বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা পেট্রোল পাম্পসংলগ্ন মিলনী, লাবু ও বাবুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করে এবং হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানায়। তবে পুলিশের বাধা উপেক্ষা করে বাড়িঘর ভাঙচুর করা হয়।

পরে স্থানীয় ব্যবসায়ী রুবেল হাসান দুলাল মাদকের সঙ্গে জড়িত পরিবারগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম দেন। সমাবেশে ট্রাক ইউনিয়ন নেতা নাদিম হোসেন ও দুলাল হোসেন বক্তব্য দেন।

তাদের অভিযোগ, মিলনী, লাবু ও বাবু পরিবারের অন্তত ছয়জন সদস্য দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। মাদকের কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় পরিবহন শ্রমিকদের অনেকে উপার্জনের অর্থ মাদকের পেছনে ব্যয় করছেন। 

বিভিন্ন সময় তাদের মাদক কারবার বন্ধের চেষ্টা করা হলেও কার্যকর ফল মেলেনি বলেও অভিযোগ করেন তারা।

ওসি মাহমুদুল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়ানোর পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।