মানিকছড়িতে আবাসিক এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস মজুদ, জরিমানা
দুই ডিলারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
খাগড়াছড়ির মানিকছড়িতে আবাসিক এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অভিযোগে দুই ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একসত্যাপাড়া ও বড়ডলু এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া।
এ সময় একসত্যাপাড়া এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে ‘মিনহা ট্রেডার্সের’ স্বত্বাধিকারী মো. মামুনকে ১০ হাজার টাকা এবং বড়ডলু এলাকায় ‘মেসার্স হাফিজা ট্রেডার্সের’ স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, সংশ্লিষ্ট ডিলাররা বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ সংক্রান্ত বিধিমালা অনুসরণ না করেই গুদাম পরিচালনা করছিলেন। আবাসিক এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে।
জননিরাপত্তার স্বার্থে এসব অবৈধ গুদাম দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অবৈধ গ্যাস গোডাউন ও মজুদকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
