২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

খাগড়াছড়িতে এনসিপির সংগঠক ও যুগ্ম সমন্বয়কের পাল্টা-পাল্টি জিডি

“মনজিলা ঝুমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার পর থেকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে।”

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 05:13 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেতা ও এক নেত্রী ‘নিরাপত্তাহীনতায় ভুগছেন’ জানিয়ে থানায় পাল্টাপাল্টি সাধারণ ডায়েরি করেছেন।

এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা সুলতানা ঝুমা ১২ জুলাই এবং গুইমারা উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ও খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. রাসেল শেখ ১৩ জুলাই সদর থানায় এই জিডি করেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, দুটি জিডি তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সংগঠনটির খাগড়াছড়ি জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ জুলাই খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে মনজিলা সুলতানার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন রাসেল শেখ। পরে ওই দিনই ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দিয়ে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে সদর থানায় রাসেলের বিরুদ্ধে জিডি করেন ঝুমা।

পরদিন নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে মনজিলার বিরুদ্ধে পাল্টা সাধারণ জিডি করেন রাসেল।

ঝুমা জিডিতে বলেন, গুইমারা এনসিপির যুগ্ম সমন্বয়ক মো. রাসেল ১২ জুলাই সকালে তাকে নিয়ে ফেইসুবকে একটি পোস্ট করেন। ওই পোস্টের নিচে তিনি আবার একাধিক নেতিবাচক মন্তব্য করেন। এরপর বিভিন্ন ফেইসবুক আইডি থেকে কুরুচিপূর্ণ, হেয় প্রতিপন্ন ও সম্মানহানিকর পোস্ট করা হয়। একই দিন রাসেল খাগড়াছড়ি প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তাকে এবং তার সংগঠনকে হেয় করে রাসেল বিভিন্ন বক্তব্য দেন। 

এ ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে লেখেন মনজিলা ঝুমা।

জিডির প্রসঙ্গে রাসেল শেখ বলেন, “মনজিলা ঝুমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার পর থেকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। আমি ও আমার সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট করা হচ্ছে। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ বিষয়ে ঝুমার বক্তব্য জানাতে তার মোবাইল ফোনে কল হলে তা বন্ধ পাওয়া যায়।    

আরও পড়ুন:

খাগড়াছড়িতে এনসিপি নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যুগ্ম আহ্বায়কের