Published : 11 Mar 2026, 03:14 PM
গাজীপুরের কোনাবাড়ীতে একটি মোবাইল ফোনের দোকানে আগুন লেগে বেশ কিছু মামলাল পুড়ে গেছে।
বুধবার ভোর ৬টার দিকে কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর ২ নম্বর গেটে অবস্থিত ‘শাম্মী টেলিকমে’ এ অগ্নিকাণ্ড ঘটে।
পরে সার্ভিসের দুটি ইউনিট ৩০ মিনিটের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে বলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন।
দোকান মালিক মো. শাহজাহান স্বপন বলেন, “ভোরে স্থানীয়রা দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আগুন দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে দোকানের ভেতরের মালামাল পুড়ে যায়।”
তিনি বলেন, “আগুনে আমার দোকানের মোবাইল, মোবাইল এক্সেসরিজ ও নগদ অর্থসহ প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “অগ্নিকাণ্ডের সময় দোকানটি বন্ধ ছিল। ভেতরে কেউ ছিল না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
“তবে দোকানের ভেতরে থাকা মোবাইল ফোন, বিভিন্ন ধরনের মোবাইল এক্সেসরিজ, নগদ অর্থ ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।”
কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”