নড়াইলে নদীতে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার
সীমা তার নানীর সঙ্গে এলাকার মধুমতি নদীতে গোসল করতে গিয়েছিলেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে যান তিনি।
নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুমারডাঙ্গা চর ইচাখালি থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে বলে জানিয়েছেন উপজেলার ১০ কোটাকোল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ শাহা আলম।
কিশোরী সীমা খানম (১৪) পাশ্ববর্তী ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। তিনি ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানী নুরজাহান বেগমের বাড়িতে থাকতেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।
শেখ শাহা আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বিকালে সীমা তার নানীর সঙ্গে এলাকার মধুমতি নদীতে গোসল করতে গিয়েছিল। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায় সীমা।
এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও সীমার কোন সন্ধান মেলেনি। পরবর্তীতে লোহাগড়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারাও অভিযান চালিয়ে খোঁজ পায়নি।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, “খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্তু তল্লাশি করলেও নিখোঁজ সীমার সন্ধান মেলেনি পরে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।
“পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা চরে কিশোরীর মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেছে বলে জানতে পেরেছি। ”
