২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হাম: ময়মনসিংহ নগরে টিকাদান কর্মসূচি শুরু, লক্ষ্যমাত্রা ৫৮ হাজার ৬৬৮ শিশু

“হামের টিকা প্রদানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে।”

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 04:33 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

ময়মনসিংহে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এবার নগরীর ৫৮ হাজার ৬৬৮ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

রোববার সকাল ৯টায় নগর ভবনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান।

কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “হামের টিকা পেতে কাউকে ভোগান্তি পোহাতে হবে না। স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের দোরগোড়ায় টিকা পৌঁছে দেবে।

“হামের টিকা প্রদানে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে।”

টিকা কার্যক্রম সফল করতে ব্যাপক প্রচার চালনো হয়েছে জানিয়ে প্রশাসক রুকুনোজ্জামান বলেন, “শিশুদের টিকা দিতে মানুষের মাঝে আগ্রহ রয়েছে।

“সকলের সহযোগিতায় সুন্দরভাবে টিকাদান কর্মসূচি সফল করতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

ময়মনসিংহ নগরীর ৫৮ হাজার ৬৬৮ শিশুকে হামের বিশেষ টিকা দেওয়া হবে এবং নগরীর ৭০টি কেন্দ্রে টিকা প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ।

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

এদিকে টিকাদান কেন্দ্রগুলোতে সকাল থেকেই অভিভাবকদের উপস্থিতি দেখা গেছে। সময়মতো টিকা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

শারমিন আক্তার নামের এক অবিভাবক বলেন, “যে হারে হামের প্রকোপ বাড়ছে তাতে আমরা খুব আতঙ্কিত। তবে সন্তানকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে।” 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গে মারা গেছে ১২জন৷

এছাড়া গত ২৪ ঘণ্টায় য় নতুন ২৬ জন এবং মোট ভর্তি আছে ৭৩ শিশু। এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে ৩৯৭ শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩১২ শিশু ।

সিটি করপোরেশন এলাকা ছাড়াও ময়মনসিংহ সদর, ত্রিশাল, ফুলপুর উপজেলায় ১ লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশুর মাঝে হামের টিকা দেওয়া হচ্ছে।