ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে।
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) চিকিৎসক মোহাম্মদ মাইনউদ্দিন খান।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় হাম আইসোলেশন ওয়ার্ডে আরও ২৬ শিশু ভর্তি হয়েছে। এ ছাড়া হাম ও হামের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৩ শিশু।
মারা যাওয়া শিশুরা হলো- গৌরীপুর উপজেলার বুলবুল হোসেনের ১০ মাস বয়সী ছেলে সাদেকুল এবং ফুলপুর উপজেলার হুমায়ুন মিয়ার ৯ মাস বয়সী ছেলে সোহান।
স্বজনরা জানান, ২২ মার্চ হামের লক্ষণ নিয়ে সোহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
অন্যদিকে সাদেকুলকে ১১ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত ১২টার দিকে সে মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ মার্চ থেকে এদিন সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় ৩৯৭ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩১২ জন এবং মৃত্যু হয়েছে ১২ শিশুর। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২৮ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এক-দুজন করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। পরে হাসপাতালে ৬৪ শয্যাবিশিষ্ট আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়। সেখানে তিনটি মেডিকেল দল গঠন করে চিকিৎসা চলছে।
