Published : 29 Jul 2026, 02:07 PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা।
এরই মধ্যে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয় বলে ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মোস্তুফা ফয়সাল রাহাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া রিফাত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা জয়নুদ্দীনের ছেলে। গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ‘ডেঙ্গু শক সিনড্রোমে’ আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ছয়জনের মৃত্যু হল। বর্তমানে হাসপাতালে আক্রান্ত ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন এবং একজনের মৃত্যু হয়েছে।
হাসপাতালে ভর্তি ৪৪ জন রোগীর মধ্যে ৩১ জন পুরুষ, ১২ জন নারী এবং একজন শিশু রয়েছে। তাদের ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫৬ জন ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মোস্তুফা ফয়সাল রাহাত।
তিনি বলেন, “এবার আক্রান্তের তুলানায় মৃত্যুর হার বেশি। আক্রান্তদের অনেকে সিটি করপোরেশনের বাসিন্দা। যদিও সিটি করপোরেশন ডেঙ্গু প্রতিরোধে জোড়ালো কাজ করে যাচ্ছে।
“তবে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।”