Published : 24 Feb 2026, 11:49 AM
বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ শিকারে গিয়ে ‘জলদস্যুদের গুলিতে’ দুই জেলে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক-সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় শনিবার রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। রোববার রাতে পটুয়াখালীর মহিপুর ঘাটে পৌঁছালে তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
গুলিবিদ্ধরা হলেন- নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮)। তারা পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বড় টেংরা ও বাদুরতলা এলাকার বাসিন্দা।
গোলাম মোস্তফা বলেন, “সাগরে মাছ ধরতে গিয়ে পাথরঘাটার দুই জেলে জলদস্যুদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোন জলদস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”
আহত এক জেলেকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আরেকজনকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

আহত জেলেদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মো. দুলাল মিয়ার মালিকানাধীন ‘এফবি জাহিদ’ নামের একটি ট্রলার নিয়ে ১৪ জন জেলে সাগরে মাছ শিকার করতে যান। শনিবার রাত ৪টার দিকে বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় পেতে রাখা জাল টেনে তুলছিলেন তারা।
এ সময় হঠাৎ একটি ট্রলার এসে কোনো কিছু বোঝার আগেই দূর থেকে জেলেদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করে। এতে ট্রলারে থাকা জেলে নুর আলমের পিঠে ও শাহজাহান মিয়ার বা চোখের নিচে গুলি লাগে।
পরে দ্রুত জেলেরা ট্রলার নিয়ে পটুয়াখালীর মহিপুর ঘাটে পৌঁছালে আহতদের কলাপাড়ায় প্রাথমিক চিকিৎসা শেষে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয় বলে জানান তারা।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতমন সরকার বলছেন, বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে আহত জেলে নুর আলম খানকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) আমির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের কেউ কিছু জানায়নি। ঘটনাটি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।