Published : 22 May 2026, 06:52 PM
গাইবান্ধায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান মিয়াকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুবুর রহমান এ রায় দেন বলে বাদী পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি নিরাপত্তায় জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৫ মার্চ গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের মৃত ছামছুল হকের ছেলে শাহজাহান মিয়ার সঙ্গে সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের নজরুল ইসলামের মেয়ে লাবনী আকতার ইতির বিয়ে হয়। বিয়ের মাত্র চার মাস ১৯ দিনের মাথায় ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন শাহজাহান।
যৌতুকের টাকা দিতে না পারায় দুই মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় একই বছরের ২৪ জুলাই ইতিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে স্থানীয় খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তবে গ্রাম্য সালিশের রায়ও আসামি মানেননি।
পরে ২০২২ সালের ১ অগাস্ট লাবনী আকতার বাদী হয়ে গাইবান্ধা সদর আমলি আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন।
রায় প্রসঙ্গে জানতে চাইলে বাদী লাবনী আকতার ইতি বলেন, “এই রায়ে আমি খুশি হয়েছি, ন্যায্য বিচার পেয়েছি। বর্তমানে আমার চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে শাহজাহান সন্তানের ভরণপোষণ তো দূরের কথা, কোনো খোঁজখবরও নেয়নি।”
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি নিরাপত্তায় জেলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।