Published : 12 Jan 2026, 09:05 PM
গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়; বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
তিনি বলেন, “রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, বিচারবিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে- এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণেই গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকা।”
সোমবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ বিষয়ে বিভাগীয় মতবিনিময় সভায় একথা বলেন তিনি। সভায় রাজশাহী বিভাগের প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
আলী রীয়াজ বলেন, “গণভোট নিয়ে সব রাজনৈতিক দলও একমত। কারণ এটি জনগণের প্রত্যক্ষ মতামত গ্রহণের একটি ঐতিহাসিক সুযোগ। দেশের চাবি এখন জনগণের হাতে। আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি পুরোপুরি জনগণকেই নির্ধারণ করতে হবে।’’
রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টের বিশেষ সহকারী মনির হায়দার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহীর রেঞ্জ ডিআইজি মো. শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিল্লুর রহমান।
সকালে রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বিভাগীয় ইমাম সম্মেলনে বক্তব্য দেন আলী রীয়াজ।
সেখানে তিনি বলেন, “অনেকেই বলেন, গণভোটের কোনো মার্কা নেই। কিন্তু গণভোটের মার্কা রয়েছে- ‘হ্যাঁ’ হলে টিক চিহ্ন আর ‘না’ হলে ক্রস চিহ্ন। তাই চাইলে পরে ঠিক, সিল দিন টিক (হ্যাঁ)।”
তিনি বলেন, “জুলাই ২৪ এর গণ-অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনায় কিছুটা ভিন্নমত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের ভিন্নমত ছিল না। সব রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নে একমত পোষণ করেছে।
“বাংলাদেশের একটি বড় সংকটের কারণ হল- আমরা নির্বাচনটা সঠিকভাবে করতে পারিনি। যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল ততদিন পর্যন্ত আমরা তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে পেরেছি। যখনই এটা বাতিল করে দেওয়া হয়েছে তারপরে কীভাবে তিনটি নির্বাচন হয়েছে সেটা আপনারা দেখেছেন।”
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য মনির হায়দার, রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং আরএমপি কমিশনার মো. জিল্লুর রহমান।