Published : 19 Aug 2026, 06:07 PM
যশোরের শার্শা উপজেলায় এগার বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সাত দিন পর বুধবার শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন শার্শা থানার ওসি শামিনুল হক।
গ্রেপ্তার মকছেদ আলী (৫৫) শার্শা উপজেলার একটি গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে ওসি শামিনুল হক বলেন, মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ১২ অগাস্ট মেয়েটি স্কুল থেকে বাড়ি ফিরে চাচার বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় প্রতিবেশী মকছেদ শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে এলাকার একটি ঘেরের পাড়ে নিয়ে যান।
“সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়। এতে মেয়েটি কান্না-কাটি করতে থাকলে তার হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন মকছেদ। বাড়ি ফিলে মেয়েটি ভয়ে কাউকে কিছু বলেনি। এরপর শিশুটি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশী এক খালাকে ঘটনার বিস্তারিত জানায়।”
পরে মেয়ের মুখে বিস্তারিত শুনে শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ করেন; যার পরে নিয়মিত মামলা হয় বলে জানান ওসি শামিনুল।
তিনি বলেন, মামলার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় উপজেলার মহিষা এলাকা থেকে মকছেদ আলীকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।