১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগ কার্যালয়, নামফলক ভাঙচুর

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।”

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 11:44 AM

Updated : 10 Sep 2026, 12:32 PM

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। 

এ ছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা আবাসিক হলের নামফলক, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নামফলক, ঈশ্বরদী আলহাজ মোড়ে স্মৃতিস্তম্ভের পাশে নির্মিত ‘ঘৃণাস্তম্ভ’ ভেঙে গুড়িয়ে ফেলেছে বিক্ষুব্ধ জনতা।

রাত ১০টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ গেইট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের শহীদ চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে বড় পর্দায় জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকত উল্লাহ ফাহাদ বলেন, “দেশের কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না ইনশাআল্লাহ। ফ্যাসিবাদের শেষ পরিণতি দেখে কেউ যাতে আর ফ্যাসিবাদ কায়েম করতে সাহস না পায়। ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে।”

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী শাহনেওয়াজ বলেন, পাবনা জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। নিয়মিত পুলিশের টহল কার্যক্রম অব্যাহত আছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাবনা জেলা পুলিশ তৎপর আছে। আমরা এরকম (ভাঙচুর) কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”