১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে ডেঙ্গুতে শিশুসহ ২ জনের মৃত্যু

এ নিয়ে চলতি বছরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জন মারা গেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 06:13 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। 

এ নিয়ে চলতি বছরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ জন মারা গেছেন বলে শনিবার জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল। 

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ারা হলো- ভোলার বাপ্তা ৪ নম্বর ওয়ার্ড চাচরা এলাকার মো. জুয়েলের ছেলে এক বছর ৪ মাস বয়সী মো. সাবিদ এবং বরগুনার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের আর্শেদ আলীর ছেলে আবু বক্কর (৫০)।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু সাবিদকে শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার মৃত্যু হয়েছে। 

অপরদিকে আবু বক্কর হাসপাতালে ভর্তি হয় ১৭ নভেম্বর। বৃহস্পতিবার রাতে তিনি মারা গেছেন। 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের জানিয়েছে, চলতি বছরে বিভাগের ৬ জেলায় মারা গেছেন ৪৭ জন। এছাড়াও বরগুনার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালীতে ৩ জন ও ভোলায় একজনের মৃত্যু হয়েছে। 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত বিভাগের সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৪০১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৩৯ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৩১৫ জন। 

বিভাগের মধ্যে বরগুনা জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এ জেলার সরকারি হাসপাতালে চলতি বছর রোগী ভর্তি হয়েছে নয় হাজার ৩১৫ জন। 

এরপরে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলার সরকারী হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা চার হাজার ১৭৭ জন। 

এছাড়াও বিভাগের পিরোজপুরে এক হাজার ৫৭৬, বরিশালে এক হাজার ৭১৮, ভোলায় ৭৩৭ ও ঝালকাঠিতে ৭৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।