লাশের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক
ওই নারী গ্রামের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
নড়াইলের লোহাগড়া উপজেলায় নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে এক অ্যাম্বুলেন্স চালককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
রোববার সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয় বলে লোহাগড়া থানার পরিদর্শক অজিত কুমার রায় জানান।
আটক সাগর শেখ (২৮) উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার বাসিন্দা।
নিহত নারীর পরিবারের সদস্যরা বলেন, শনিবার বিকালে ওই নারী গ্রামের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রাতে থানায় নেওয়ার জন্য মরদেহটি একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়।
গভীর রাতে অ্যাম্বুলেন্সের চালক লাশের সঙ্গে যৌন সংসর্গ করার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি ওই নারীর স্বজন দেখে ফেলেন। পরে তাকে আটক করে স্থানীয়রা মারধর করেন।
ওই নারীর স্বজন অভিযোগ করেন, “বিষয়টি যাতে বাইরে থেকে দেখা না যায়, সেজন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।”
লোহাগড়া থানার পরিদর্শক অজিত কুমার রায় বলেন, সাগর শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
