Published : 21 Mar 2026, 09:05 PM
গাজীপুরের কাশিমপুর কারাগারে ঈদুল ফিতর উদযাপন করছেন ‘ভিআইপি’ বন্দিরা; যাদের মধ্যে আছেন রাজনৈতিক নেতা, সাবেক এমপি, মেয়র ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে কারাগারে বন্দিদের মাঝে নতুন পোশাক ও বিশেষ খাবার দেওয়া হয়। সেইসঙ্গে বন্দিদের জন্য আলাদা আলাদা ঈদ জামাতের আয়োজন করা হয়।
এ ছাড়া কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নামাজ শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান; যেখানে বন্দিদের মধ্য থেকেই গান পরিবেশন করা হয়। এ ছাড়া বন্দিদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
চব্বিশের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন অভিযোগে গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন দলটির শীর্ষ অনেক নেতাকর্মী। এর মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের বন্দি আছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এবং সাবিনা আক্তার তুহিন।
মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, ঈদের আগের দিন মহিলা বন্দিদের লিপস্টিক, নেইল পালিশ, টিপ ও মেহেদী ছাড়াও অসহায় ২১ বন্দিকে থ্রি-পিস ও শাড়ি দেওয়া হয়। এ ছাড়া দেওয়া হয় বিশেষ খাবার।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, তার কারাগারে দুই হাজার ৬০০ বন্দি আছেন। ঈদের আগের দিন অসহায় বন্দিদের মধ্যে ৪০টি লুঙ্গি, গামছা, ৫০টি পাঞ্জাবি ও ৫০টি গেঞ্জি দেওয়া হয়।
এ ছাড়া তার কারাগারে ঈদের নামাজের জন্য ১৭টি জামাতের আয়োজন করা হয় বলে জানান তিনি।
বন্দিদের খাবারের তালিকায় সকালে ছিল পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, পোলাও, সালাদ ও কোমল পানীয়, পান-সুপারি, মিস্টি এবং রাতে সাদা ভাত, রুই মাছ ও আলুর দম দেওয়া হয় বলে জানান জেল সুপার মামুন।
এ কারাগারে বন্দিদের মধ্যে আছেন সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, নড়াইলের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, সাবেক আইজিপি মো. শহিদুল হক, সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্শেল হক বাবু এবং শাকিল আহমেদ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জ্যেষ্ঠ সুপার নজরুল ইসলাম বলেন, তার কারাগারে এক হাজার ২০৪ বন্দি আছেন। এর মধ্যে শতাধিক ফাঁসি, অর্ধশতাধিক যাবজ্জীবনের আসামি। এ কারাগারে ঈদের আগে অসচ্ছল বন্দিদের মাঝে ৬০টি লুঙ্গি ও ২৫টি পাঞ্জাবি বিতরণ করা হয়।
এ কারাগারে বন্দিদের জন্য ঈদের তিনটি জামাতের আয়োজন করা হয়। খাবারের তালিকায় সকালে ছিল পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, পোলাও, সালাদ, পান সুপারি, মিস্টি ও কোমল পানীয়। আর রাতে রয়েছে সাদা ভাত, আলুর দম, রুই মাছ।
কাশিমপুর কারাগার পার্ট-২ এর সুপার মো. আল মামুন বলেন, তার কারাগারে তিন হাজার ৮০০ বেশি বন্দি আছেন। তাদের মধ্যে শতাধিক ফাঁসি ও শতাধিক যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি। কারাগারে ঈদের সাতটি জামাত হয়।
এ কারাগারে বন্দিদের মধ্যে সাবেক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী এবং ছাগল কাণ্ডে জড়িত মো. মতিউর রহমান আছেন। ঈদ উপলক্ষে এ কারাগারের অসহায় ২০০ বন্দিকে শার্ট, ২০০ জনকে পাঞ্জাবি এবং ১০০ বন্দিকে লুঙ্গি দেওয়া হয়।
ঈদের দিন সকালে বন্দিদের খাবারের তালিকায় ছিল পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, পোলাও, পান সুপারি, সালাদ, মিস্টি ও কোমল পানীয় এবং রাতে সাদা ভাত, আলুর দম, রুই মাছ।
মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, এখানে ৬৪৪ বন্দি আছেন। এর মধ্যে ফাঁসির আসামি ৩৬ এবং যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি আছেন ৬৬ জন। এ ছাড়া কারাগারে ডে কেয়ার সেন্টারে বন্দিদের সঙ্গে ৩৩ জন শিশুও আছে।
তিনি বলেন, সকালে শিশুদের কেক, মিষ্টি, চিপস, চকলেট বিশেষ খাবারের পাশাপাশি নতুন জামা দেওয়া হয়। এ ছাড়া খাবারের তালিকায় সকালে ছিল পায়েস ও মুড়ি; দুপুরে মাংস, পোলাও, কোমল পানীয়, পান সুপারি, সালাদ ও মিষ্টি এবং রাতে সাদা ভাত, আলুর দম ও রুই মাছ দেওয়া হয়।
এদিন বন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের রজনীগন্ধা ফুল, চকলেট এবং ছোটোদের বেলুন ও জুস দিয়ে আপ্যায়ন করা হয় বলে জানান শিরিন আক্তার।