Published : 14 Dec 2025, 09:28 PM
নওগাঁ সদর উপজেলার ট্রাক চাপায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন যাত্রী।
রোববার সন্ধ্যায় কাঁঠালতলী-রানীনগর আঞ্চলিক সড়কের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ নিয়ামুল হক।
নিহত মোতালেব হোসেন (৫০) রাণীনগর উপজেলার খট্রশর গ্রামের মৃত বরকত আলীর ছেলে।
আহতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আলম খন্দকারের ছেলে আজগর হোসেন (৩১), নওগাঁ সদর উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার মৃত জামালের স্ত্রী মালেকা বেওয়া (৫০) এবং সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া এলাকার আব্দুল লতিফের কন্যা জেরিন আক্তার (২০)।
স্থানীয়দের বরাতে ওসি নিয়ামুল হক বলেন, নওগাঁ থেকে তিন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত রিকশা রাণীনগরের দিকে যাচ্ছিল। পথে পিরোজপুর এলাকায় পৌঁছালে নওগাঁ শহরমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের নিচে পড়ে যায় এবং রিকশাটি যাত্রীসহ ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিকশা চালকের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা বাকিদের উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করান।
ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।