Published : 09 Sep 2026, 09:01 PM
ব্রাহ্মণবাড়িয়ায় ওজন মেশিনে রশি ও রাবার লাগিয়ে কারচুপির অভিযোগে এক বিক্রেতাকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে শহরের আনন্দবাজারের মাছের আড়তে অভিযান চালিয়ে আপেল মাহমুদ নামে ওই বিক্রেতাকে জরিমানা করা হয় বলে জানান অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি বলেন, আপেল মাহমুদের ওজন মেশিনে রশি ও রাবার লাগানো ছিল। রশির এক প্রান্ত গামছার আড়ালে রাখা হয়েছিল। সেটি টেনে বা ঢিলা করে ইচ্ছেমতো ওজন কম-বেশি করা যেত।
ইফতেখারুল আলম বলেন, “ক্রেতাদের অজান্তে এভাবে ওজনে কম দেওয়ার বিষয়টি ধরা পড়ার পর বিক্রেতা তার দোষ স্বীকার করেন।”
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের কারচুপি করবেন না বলেও তিনি অঙ্গীকার করেন।