Published : 30 Apr 2026, 04:29 PM
ফরিদপুর সদরে সাতদিন ধরে নিখোঁজ এক শিশুর অর্ধগলিত লাশ রেল লাইনের পাশের কলা বাগান থেকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গেরদা ইউনিয়নের বাখুন্ডা রেল স্টেশনসংলগ্ন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান ফরিদপুর কোতয়ালী থানার ওসি মাহমুদুল হাসান।
সাত বছর বয়সী শিশুটি স্থানীয় বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। ২৪ এপ্রিল সন্ধ্যা থেকে ওই শিশুটি নিখোঁজ ছিল। পরদিন তার মা কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
গেরদা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকারিয়া খান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় দুই শ্রমিক ওই কলাবাগনে কাজ করতে যায়। সেখানে একটি কলাগাছ পড়েছিল। সেটি অপসারণ করতে গিয়ে প্রথমে দুর্গন্ধ এবং তার সূত্র ধরে লাশটি দেখতে পায় তারা।
শ্রমিকরা লাশটি দেখতে পেয়ে ইউপি সদস্যকে জানালে তিনি পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরও বলেন, “উপুড় করা অবস্থায় পড়ে থাকা মৃতদেহের পরনে কোনো পোশাক ছিল না। পরনের সালোয়ার দিয়ে শিশুটির মুখ বাঁধা ছিল।”
লাশটি উদ্ধার করেন ফরিদপুর কোতয়ালী থানার এসআই পীযূষ কান্তি হালদার। তিনি বলেন, “মৃতদেহটি পচে বিকৃত হয়ে গিয়েছিল। তা দেখে ধারণা করা যায় যেদিন শিশুটি নিখোঁজ হয় ওই দিনই তাকে হত্যা করা হয়েছে।”
কোতয়ালী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “গলিত ও বিকৃত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। পোশাক দেখে শিশুটির বাবা-মা তাকে সনাক্ত করেন। “
তিনি বলেন, “মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড, শিশুটির ওপর কোনো নির্যাতন হয়েছে কিনা তা পরীক্ষার পর বলা যাবে।”
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।