Published : 13 Dec 2025, 11:37 PM
ময়মনসিংহ নগরীর গুলকীবাড়িতে ২০ তলা ভবন নির্মাণে পাইলিংয়ের কাজ করার সময় হেলে পড়েছে পাশের ৫ তলা ভবন; আতঙ্কে বাসা ছেড়েছেন বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা।
বহুতল ওই ভবনটি নির্মাণে কাজ করছে গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি। সেটির পাইলিং করার সময় পাশের ভবনটি হেলে পড়ে বলে বাড়ির মালিক ও স্থানীয়রা জানিয়েছেন।
তবে গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড কোম্পানি কর্তৃপক্ষ বলছে, পাইলিং করার কারণে ভবন হেলে পড়েনি। ‘অন্য কোনো কারণে’ হেলে পড়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে দেখা যায়, ভবনের সামনে ও পাশের অংশে ফাটল ধরেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ভবন হেলে পরা ঠেকাতে ডেভেলপার কোম্পানিকে সরিয়ে নেওয়া মাটি ভরাটের নির্দেশ দিয়েছে।
পাঁচ তলা ভবনটির ভাড়াটিয়া শিলা রানী বলেন, “ভবনটি হঠাৎ হেলে পড়ায় আতংকে প্রশাসনের নির্দেশে আমরা বাসা ছেড়ে দিয়েছি। এখন বাড়ি চলে যাচ্ছি। আবারো পরিস্থিতি স্বাভাবিক হলে আসব।”
বাসার মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন বলেন, “বেশ কয়েক মাস ধরে ডেভলপার কোম্পানি অপরিকল্পিতভাবে কাজ করছে। যার কারণে আমাদের পাঁচতলা ভবনটি হেলে পরে। ভবনটির সামনে এবং পাশে ফাটল ধরে ফাঁকা হয়েছে। যেকোনো সময় পুরো ভবনটি হেলে পড়তে পারে।”
কোতোয়ালি মডেল থানার এ এস আই লাল মিয়া বলেন, ভবনটি হেলে পড়ার পর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
তবে গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রকৌশলী আবু সাঈদ বলেন, “পাইলিং করার কারণে ভবন হেলে পড়েনি। এটি অন্য কোনো কারণে হেলে পড়েছে। দায় আমাদের ওপর চাপানো হচ্ছে। তারপরেও প্রশাসনের নির্দেশে ভবনটি হেলে পড়া ঠেকাতে মাটি দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি।”