২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

‘জমির বিরোধে’ র‌্যাব সদস্যকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক

সাতক্ষীরায় তিন দিন আগে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করা হয় বলে জানায় পুলিশ।

‘জমির বিরোধে’ র‌্যাব সদস্যকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক
সাময়িক বরখাস্ত র‌্যাব সদস্য আজিবর রহমান।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 05:28 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

সাতক্ষীরা সদর উপজেলায় ‘জমি নিয়ে বিরোধের’ জেরে সাময়িক বরখাস্ত এক র‌্যাব সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ঘটনার তিন দিন পর সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী।

নিহত আজিবর রহমান (৪০) সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের প্রয়াত শহর আলীর ছেলে। তিনি যাত্রাবাড়ী র‍্যাব-১০ এ কর্মরত অবস্থায় সাময়িক বরখাস্ত হন।

পরিবারের বরাতে পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেন, “বড় ভাই আফসার আলীর সঙ্গে আজিবর রহমান গরুর মাংসের ব্যবসা করতেন। তবে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। 

“শুক্রবার রাত ৯টার দিকে জমি ও ব্যবসার টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আফসার আলী ঘর থেকে ধারাল অস্ত্র নিয়ে আজিবর রহমানকে কুপিয়ে মারাত্মক জখম করেন।”

আজিবরকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়; সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান বলে জানান পুলিশ সুপার।

মতিউর রহমান বলেন, ঘটনার দিন রাতেই আফসার আলীর নামে একটি মামলা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।