১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪

লক্ষ্ণীপুরের একটি বাসে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 01:47 AM

Updated : 26 Aug 2026, 02:28 PM

নোয়াখালীর বেগমগঞ্জে একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।

সোমবার রাত সোয়া ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় মীম সিএনজি ফিলিং স্টেশনে লক্ষ্ণীপুরের একটি বাসে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজি অটোরিকশা চালক মো. রেজু মিয়া (৬৫), মো. বেচু মিয়া (২৬), মো. আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)।

বাসটি ছাড়াও পাশে থাকা একটি সিএনজি চালিত অটোরিকশা ক্ষতিগ্রস্থ হওয়ার তথ্য দিয়েছেন বেগমগঞ্জ থানার এসআই মো. শাহরিয়ার কামাল।

তিনি বলেন, আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস গ্যাস নিতে রাত সোয়া ৯টার দিকে ওই ফিলিং স্টেশনে যায়। এ সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে যায়।

এসআই কামাল বলেন, বাসের সিলিন্ডারটি নিম্নমানের থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।