পাবনায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত
ক্লাস চলাকালে হঠাৎ চল্ন্ত বৈদ্যুতিক ফ্যান ছিঁড়ে তামজিদের মাথার ওপর পড়ে।
পাবনা পুলিশ লাইন্স স্কুলে শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে চলন্ত সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের দ্বিতীয় তলার ৪০৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাবনা পুলিশ লাইন্স স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম।
আহত তামজিদ (১০) পৌরসভার অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টা ২০ মিনিটে টিফিনের বিরতি শেষে পঞ্চম শ্রেণির ক্লাস শুরু হয়। ক্লাস চলাকালে সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে হঠাৎ ছাদের বৈদ্যুতিক ফ্যান ছিঁড়ে তামজিদের মাথার ওপর পড়ে। এতে তারা মাথা ফেটে যায়।
এ সময় শ্রেণিকক্ষে অন্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপর শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, “আমরা সব সময় স্কুলের বৈদ্যুতিক সরঞ্জামগুলো পরীক্ষা করি। তারপরও এমন একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেল। আমরা স্কুলের সব ফ্যান পুনরায় চেক করার নির্দেশ দিয়েছি। ক্ষতিগ্রস্ত ফ্যানটি পরিবর্তন করে নতুন ফ্যান লাগানো হচ্ছে।”
“শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। ব্যবস্থাপত্র ও ওষুধসহ তাকে অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়”, বলেন তিনি।
দুর্ঘটনাজনিত বিষয় হওয়ায় তামজিদের বাবার কোনও অভিযোগ নেই বলেও জানান প্রধান শিক্ষক।
