Published : 17 Mar 2025, 09:33 PM
নেত্রকোণায় চিকিৎসার কথা বলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, রোববার গভীর রাতে তাকে শহরের নেওয়াজনগর এলাকায় ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কবিরাজ আব্দুল হামিদ (৬৭) কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা। তিনি নেত্রকোণা শহরের নেওয়াজনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। শহরের সার্কিট হাউসের সামনে একটি দোকানে বসে কবিরাজি চিকিৎসা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চিকিৎসার কথা বলে ১০ মার্চ শহরের জয়নগর সদর হাসপাতালের রাস্তার মোড়ে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয়। কিশোরী বিষয়টি তার মাকে জানায়। তখন তিনি জানতে পারেন, মেয়ে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে।
রোববার গভীর রাতে কিশোরীর মা নেত্রকোণা সদর মডেল থানায় মামলা করেন। তারপরই আসামিকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।