খুলনার জোড়া খুনের মামলায় ২ তরুণ গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার
তারা হত্যা মামলার আসামি ফারুকের ফুফার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।
খুলনার লবণচরার থানা এলাকায় জোড়া খুনের ঘটনায় পলাতক দুই যুবককে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বর্নি দক্ষিণপাড়া এলাকার রেজাউল মুন্সীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন খুলনার র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- লবণচরা এলাকার নজরুল মোল্লার ছেলে মো. ফারুক (২১) এবং আবু হোসেন বাবুর ছেলে মাসুদুল ইসলাম কদর (১৮)।
র্যাব কর্মকর্তা মেজর নাজমুল ইসলাম বলেন, বুধবার খুলনা নগরের লবণচরা থানার হরিনটানা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে মঞ্জুরুল ইসলাম (২৩) ও নাজমুলকে (১৮) গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলার পর ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি তদন্ত শুরু করে র্যাব। পরে গোপন খবর পেয়ে রাতে আসামি ফারুক ও কদরকে টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার দুই যুবক হত্যা মামলার আসামি ফারুকের ফুফা রেজাউল মুন্সীর বাড়িতে বৃহস্পতিবার রাতে এসেছিলেন। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শেষে হরিনটানা থানায় হস্তান্তর করা হবে।
বুধবার সন্ধ্যায় হরিনটানা আশিবিঘা এলাকায় গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নিহত হন। পরে ওই দিন রাত পৌনে ১০টার দিকে নাজমুলকে (১৯) গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় খুলনার লবণচরা থানায় হত্যা মামলা করা হয়। এ ছাড়া এ হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার গোপালগঞ্জ জেলার মাঝিগাতী বাজার এলাকা থেকে আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রাফিকুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করে র্যাব।
