১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধায় কভার্ড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ নিহত ২

আহত পাঁচজনের মধ্যে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 05:21 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কভার্ড ভ্যান চাপায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে সাদুল্লাপুর-গাইবান্ধা সড়কে উপজেলার তালুক মন্দুয়ার এলাকায় শাহানা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম।

নিহতরা হলেন- উপজেলার তরফবাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ইজিবাইকের চালক আল-আমিন (৪০) এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ন চন্দ্র সাহার ছেলে গালামাল ব্যবসায়ী গৌতম চন্দ্র সাহা (৬৫)।

আহতদের মধ্যে গুরুতর দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং তিনজনকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সাদুল্লাপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা গাইবান্ধাগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালকসহ দুইজন নিহত হন। 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং আহতদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হাসপাতালে ভর্তি পাঁচজনের মধ্যে দুইজনের অবস্থা অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আব্দুল আলিম বলেন, দুর্ঘটনা কবলিত কভার্ড ভ্যান ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।