১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় মনোনয়ন বঞ্চিত ইয়াছিন সমর্থকদের মশাল মিছিল

কুমিল্লা-৬ আসনে সাবেক হুইপ মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 08:34 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থক নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করেছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে তা কান্দিরপাড়, পূবালী চত্বর, লিবার্টি চত্বর, মনোহরপুর ঘুরে আবার পূবালী চত্বরে এসে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী স্লোগানে স্লোগানে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ২৩৮ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা-৬ আসনে সাবেক হুইপ ও চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণা করা হয়। 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের আরেক সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনও মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। কিন্তু তিনি বঞ্চিত হন।  

এরপর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে কুমিল্লায়। সোমবার রাতেই কুমিল্লা নগরীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ইয়াছিনের সমর্থকরা। পরে তারা রাত ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ অবরোধ করে রাখেন। 

নেতাকর্মীরা জানিয়েছেন, হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চলমান থাকবে।

হাজী ইয়াছিনের সমর্থক ছাত্রদল নেতা গোলাম মোস্তফা বলেন, “গত ১৫ বছরে মামলা-হামলায় জর্জরিত নেতাকর্মীদের পাশে ইয়াছিন ভাই সবসময় ছিলেন। আমরা চাই, বিএনপি থেকে তিনিই কুমিল্লা-৬ আসনে নির্বাচন করবেন।” 

যুবদল নেতা আকরামুল ইসলাম বলেন, “হাজী ইয়াসিন গত ১৫ বছরে রাজনৈতিক নির্যাতন সহ্য করে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমরা চাই, ইয়াছিন ভাইকেই।” 

এ সময় নেতাকর্মীরা ‘অবৈধ মনোনয়ন, মানি না মানব না’, ‘টাকা খেয়ে মনোনয়ন, মানি না মানব না’, ‘তুমি কে আমি কে, ইয়াছিন ইয়াছিন’ ইত্যাদি স্লোগান দেন। 

কুমিল্লা-৬ আসন আগে শুধু সদর ও সিটি করপোরেশন এলাকায় বিস্তৃত ছিল। কিন্তু তার সঙ্গে এবার যুক্ত করা হয় সদর দক্ষিণ উপজেলাকে। 

কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মনিরুল হক চৌধুরী আগে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য ছিলেন।