Published : 15 Sep 2026, 12:44 PM
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।
আসামি জাহিদুল ইসলাম শিপন এনসিপির কালীগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম সদস্যসচিব ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে দলীয় সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার ভুক্তভোগীর বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন বলে ওই থানার ওসি মো. জাকির হোসেন জানিয়েছেন।
২৬ বছর বয়সী জাহিদুল কালীগঞ্জ পৌর এলাকার মুনসেফপুরের বাসিন্দা জাকির হোসেনের ছেলে। আর ভুক্তভোগী কিশোরী চুয়ারিয়াখোলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহারে বলা হয়েছে, কালীগঞ্জ বাজারের খোদেজা শপিং কমপ্লেক্সে ঘড়ি-চশমার দোকান চালান জাহিদ মুন্সি। প্রায় তিন মাস আগে ঘড়ি কিনতে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
এক পর্যায়ে জাহিদ ওই ছাত্রীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করেন এবং বিয়ের কথা বলে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় প্রযুক্তির মাধ্যমে ওই ছাত্রীর বিকৃত (এডিট করা) অশ্লীল ছবি তৈরি করে তা ফেইসবুকে প্রকাশের ভয় দেখানো হয়।
পরে বেড়ানোর কথা বলে বিভিন্ন সময় ওই ছাত্রীকে হোটেল-রিসোর্টে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বলে এজাহারে বলা হয়েছে।
সবশেষ গত ১০ সেপ্টেম্বর দুপুরে পূবাইল থানার মীরের বাজার এলাকার একটি গেস্ট হাউসে এবং একই দিন বিকালে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অনার্স ভবনের পেছনে আড়িখোলা রেলস্টেশনের একটি পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে নিয়ে
মেয়েটির সঙ্গে জাহিদুল জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন ও মোবাইলে ভিডিও ধারণ করা করে। বিয়ের কথা বললে ওই ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।
এক পর্যায়ে মেয়েটি পুরো ঘটনা তার বোনকে জানায়। পরে পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারে, জাহিদুল ইসলাম আগে একাধিক বিয়ে ও একটি সন্তান থাকার তথ্য গোপন রেখেছিলেন। ঘটনা জানাজানির পর জাহিদুল ও তার পরিবারের সদস্যরা বাদীকে হুমকি দেন।
এদিকে মামলা দায়েরের আগেই রোববার এনসিপির গাজীপুর জেলা কমিটির জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রায়হানের স্বাক্ষরিত চিঠিতে জাহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং দলীয় সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
নোটিশে দলীয় নীতি ও নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করে দুই কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়েছে।
এ মামলার আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন।