২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নির্বাচন সুষ্ঠু করতে তিনটি চ্যালেঞ্জের কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

“হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করবে সরকার কিন্তু সিদ্ধান্ত নেবেন জনগণ।”

নির্বাচন সুষ্ঠু করতে তিনটি চ্যালেঞ্জের কথা বললেন পররাষ্ট্র উপদেষ্টা
বরগুনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 10:20 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের সামনে তিনটি চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। দ্বিতীয় ভোট সঠিকভাবে গণনা এবং তৃতীয় যিনি বেশি ভোট পাবেন তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।

মঙ্গলবার বিকালে বরগুনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব চ্যালেঞ্জের কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের ব্যক্তিগত পছন্দ থাকতে পারে কিন্তু সেটি যেন ভোটের মাঠে প্রভাব না ফেলে।

সংসদ নির্বাচনে সরকার পুরোপুরি নিরপেক্ষ থাকবে জানিয়ে তিনি বলেন, সরকার চায় একটি সুষ্ঠু নির্বাচন।

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সরকারের অবস্থানের কথা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “হ্যাঁ ভোট দিতে উৎসাহিত করবে সরকার কিন্তু সিদ্ধান্ত নেবেন জনগণ। আগামীর ভোটে কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া হবে না।”

জনগণকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান তৌহিদ হোসেন।