Published : 05 Oct 2025, 02:07 PM
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ভোটমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম। ঝড়ে উড়ে যাওয়া টিনের আঘাতে আহত হয়েছেন তিনজন।
রোববার সকালে সাড়ে ৮টার দিকে শুরু হয়ে তিন-চার মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছেন ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন।
তিনি বলেন, “ঝড়ে মুহূর্তের মধ্যে মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামসহ আশপাশের অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উড়ে গেছে ঘরের টিন, ভেঙে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয় বৈদ্যুতিক লাইন।”
এ সময় টিনের আঘাতে আহত হয়েছেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শাহিনুর রহমান জানান, সকালে মাঝারি বৃষ্টির মধ্যে হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। মুহূর্তেই টিনশেড ঘর, আধাপাকা ভবন ও গুদামঘরগুলো ভেঙে যায়।
“ঝড়টি খুব অল্প সময় স্থায়ী ছিল, কিন্তু তাতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। আরও কয়েক মিনিট স্থায়ী হলে ক্ষতির পরিমাণ কয়েকগুণ বাড়ত।”
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জাকিয়া খাতুন বলেন, “ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়েছি। এর মধ্যে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে এবং তাদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে।”