কাশিয়ানীতে রেললাইনে পড়েছিল ট্রেনে কাটা দুজনের লাশ
ধারনা করা হচ্ছে, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়া দুই যুবকের লাশ রেল লাইন থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোরে স্থানীয় লোকজন মহেশপুর রেল স্টেশন সংলগ্ন বাদশা খানের বাড়ির পাশে রেললাইনে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান।
নিহতরা হলেন- উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মো. মেহেদী শেখ (২৫) এবং একই ইউনিয়নের বাঔখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০)।
ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, স্থানীয়দের দাবি তারা দুজন মাদকাসক্ত ছিলেন। ধারনা করা হচ্ছে, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী আইনি প্রক্রিয়া ও মরদেহ হস্তান্তর করবে।
