Published : 16 Aug 2026, 05:19 PM
কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) প্রত্যাহার করা হয়েছে।
পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারীকে গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠার পর রোববার স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সগীর হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে সিইও ফজলে রাব্বীকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করার কথা বলা হয়েছে।
বৃহস্পতিবার জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ ও পরিচ্ছন্নতা শাখার কর্মচারী আনারুল ইসলামকে গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে সিইওর বিরুদ্ধে। পরে তারা কর্মচারী ইউনিয়নের কাছে অভিযোগ করেন।
কুড়িগ্রাম পৌরসভার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু বলেন, এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। সিইওকে প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এতে পৌরসভার কার্যক্রম ব্যাহত হয় এবং সেবা নিতে আসা মানুষ ভোগান্তিতে পড়েন।
পরে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই দিন তিনি স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠান।
এর দুই দিনের মধ্যে রোববার সিইও ফজলে রাব্বীকে প্রত্যাহার করা হয়। এরপর কর্মচারী ইউনিয়ন তাদের কর্মসূচি ও ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
অভিযোগের বিষয়ে জানতে ফজলে রাব্বীর মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।