১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ বললেন রুমিন ফারহানা

এক সময় বিএনপির রাজনীতি করা এই স্বতন্ত্র সংসদ সদস্য সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন চান।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 02:00 AM

Updated : 11 Sep 2026, 03:52 PM

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানালেও ‘প্রহসনের অংশ’ হতে না চাওয়ায় ভোট দেননি বলে তার অবস্থান তুলে ধরেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য সরাইলের গ্রামের বাড়িতে এ কথা বলেন।

তিন কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনে যদি অনিশ্চয়তা না থাকে, তাহলে সেটাকে নির্বাচন বলা যায় না; সেটা মনোনয়ন। দেশের সবাই জানতেন এ ভোটের ফলাফল কী হবে।

“সুতরাং এটাকে আমি নির্বাচন বলতেই চাই না।”

এক সময় বিএনপির রাজনীতি করা এই স্বতন্ত্র সংসদ সদস্য দ্বিতীয় কারণ হিসেবে তিনি বলেন, “৭০ অনুচ্ছেদ নিয়ে আমাদের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম হচ্ছে যে ৭০ অনুচ্ছেদকে ‘অ্যাজ ইট ইজ’ রাখব না। দলের সদস্যরা দল করলেও তারা চাইলে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

“কিন্তু আমরা দেখলাম বারবার সতর্ক করা হল যে বিএনপির যারা সংসদ সদস্য আছেন, তারা দলের বাইরে কোনোভাবেই ভোট দিতে পারবেন না। যদি তারা ভোট দেন, তাহলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তাহলে ৭০ অনুচ্ছেদ নিয়ে বড় বড় কথা কী দরকার ছিল?”

বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে জয়ী হওয়া রুমিন ফারহানা বলেন, “ভোট শেষ হওয়ার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আমরা এখনই ৭০ অনুচ্ছেদটা সংশোধন করব এবং সদস্যরা চাইলে দলের বাইরে ভোট দিতে পারবেন। তাহলে এই ভোটে তাদের সেই অধিকার দেয়া হল না কেন?”

তৃতীয় কারণ হিসেবে রুমিন ফারহানা বলেন, “আমরা সকল দল মিলে একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনয়ন দিতে পারতাম। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য যেটা ২০১৬ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন একটা ভারসাম্য আনা হবে। যেটি বিএনপির ৩১ দফাতেও আছে।

“সেগুলো নিয়ে কিন্তু আমরা কোনোরকম কোনো কথা শুনি না। তাই সকল কিছু দেখে আমার মনে হয়েছে আমি এই প্রহসনের অংশ হতে চাচ্ছি না।”