Published : 30 Apr 2026, 03:34 PM
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় গোমতী নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেসে গেছে। এতে প্রায় ৫০ হাজার মানুষের চলাচলের একমাত্র পথটি বন্ধ হয়ে গেল।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচথুবি ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় সাঁকোটি ভেঙে যায় বলে জানিয়েছেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা।
জানা গেছে, সদর উপজেলার ভারত সীমান্তবর্তী পাঁচথুবি ইউনিয়ন এবং জগন্নাথপুর ইউনিয়নের মানুষের চলাচলে জন্য গোমতী নদীর ওপর সাঁকো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি স্থাপন করা হয়।
বছরের পর বছর মানুষ এই সাঁকো ব্যবহার করে আসছেন। কৃষি পণ্য আনা-নেওয়ার পাশাপাশি স্থানীয়দের একমাত্র চলাচলের পথ হয়ে ওঠে এই সাঁকো। সীমান্তবর্তী এলাকার কাছাকাছি কোনো সেতু না থাকায় বিজিবি টহলের জন্য এই পথ ব্যবহার করে থাকেন। যদিও পাশেই দীর্ঘ দিন ধরে নির্মাণাধীন অবস্থায় পড়ে আছে গোলাবাড়ি সেতু।
কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মঙ্গলবার মধ্যরাতে সাঁকোটি পানির স্রোতে ভেসে গেছে।

সাঁকোর পাশে দীর্ঘ দিন ধরে চা বিক্রি করছেন মো. তাজুল ইসলাম। তিনি বলেন, “সেতুর ৫০০ গজ পূর্ব দিকে ভারত সীমান্ত। সীমান্ত ঘেঁষা মানুষের পাশাপাশি বিজিবি এ সাঁকো দিয়ে চলাচল করে। এখন দুই পাড়ের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল।”
গোলাবাড়ি থেকে সাঁকো দিয়ে নদী পার হয়ে অসুস্থ মাকে দেখতে জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার যেতে এসেছিলেন তাসলিমা আক্তার। তিনি বলেন, “নদী পার হতে এসে দেখি সেতুটি ভেঙে গেছে। দুই বাচ্চা নিয়ে আমি এখন টিক্কারচর সেতু হয়ে ঘুরে যেতে হবে।
“এতে আমার প্রায় একশত টাকা গাড়ি ভাড়া লাগবে। এ ছাড়া সময় লাগবে প্রায় এক ঘণ্টা।”
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, “ভরত থেকে নেমে আসা ঢলের সঙ্গে একটা বড় গাছ এসে সাঁকোতে ধাক্কা দেয়। এরপর সাঁকোর দক্ষিণপাশ ধসে যায়। এখন এটি বিচ্ছিন্ন।”
ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, “দুই ইউনিয়ন পরিষদের সচিব বিস্তারিত খোঁজ-খবর নিয়ে আমাকে জানাবেন। আমিও খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”