Published : 27 Apr 2026, 05:18 PM
নীলফামারীর কিশোরগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কিশোরগঞ্জ থানা পুলিশের ওসি লুৎফর রহমান।
নিহত রবিউল ইসলাম (৪০) উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুপুরের দিকে রবিউল ইসলাম ভ্যানে করে একটি দোকানের মালামাল নিয়ে কিশোরীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময়ে পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়।
এ সময় মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন রবিউল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।