Published : 11 Jul 2026, 03:50 PM
পাবনার সদরে পুকুর থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ বলছে- তারা লাশটি মসজিদের বারান্দায় ঝুলছিল বলে খবর পেয়েছিল।
শনিবার সকালে ভাঁড়ারা ইউনিয়নে ইউনিয়নের নলদহ লালগুলা বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম।
মারা যাওয়া তুহিন খান (১৮) চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, তুহিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য প্রায়ই তিনি স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন। শুক্রবার রাতেও স্ত্রীর কাছে টাকা চান তিনি, কিন্তু তা না পেয়ে ক্ষোভে ও অভিমানে বাড়ি থেকে বের হয়ে যান।
ওসি তরিকুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিমানে বের হয়ে তুহিন লালগুলা বাজার মসজিদের বারান্দায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে মসজিদে ঝুলন্ত লাশের খবর পায় পুলিশ।
ওসি বলেন, “পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ পাশের পুকুরে দেখতে পায়। কে বা কারা তার মরদেহ মসজিদের বারান্দা থেকে পাশের পুকুরে ফেলে দিয়েছে, সে বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।”
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।