Published : 23 Sep 2025, 05:39 PM
বগুড়া জেলা জজ আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সুপারের নির্দেশে তাদেরকে দ্বায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন।
প্রত্যাহারকৃতরা হলেন- আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া, আতাহার আলী, আব্দুর রাজ্জাক এবং কনস্টেবল দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও জাকির হাসান।
পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বগুড়া জেলা জজ আদালতের হাজতখানায় আসামি গণনা শেষে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল। ওই সময় ভিড়ের মধ্যে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান রফিকুল ইসলাম ।
রফিকুল আদমদীঘি উপজেলার বশিকোড়া গ্রামের বাসিন্দা। তিনি দুপচাঁচিয়া উপজেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফতাব উদ্দিন ও তার পুত্রবধূ রিভা আক্তার হত্যা মামলার প্রধান আসামি ও ডাকাত দলের সদস্য।
এই মামলায় গত ১৪ জুলাই কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছিল লুট করা স্বর্ণালংকার ও নগদ অর্থ।
এছাড়াও রফিকুলের বিরুদ্ধে ডাকাতি, লুট, চুরি, দস্যুতাসহ চারটি মামলা রয়েছে।
পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, পালিয়ে যাওয়ার ঘটনায় আদালতের এসআই রবিউল ইসলাম বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেছেন।
পলাতক এ আসামিকে দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।